​খালে নিখোঁজ স্বামীকে উদ্ধারে ঝাপ দিলেন স্ত্রী, ডুবে দুজনের মৃ/ত্যু

**নওগাঁ প্রতিনিধি:*
নওগাঁর বদলগাছী উপজেলায় খালের পানিতে ডুবে এক নবদম্পতির মর্মান্তিক মৃ/ত্যু হয়েছে। খালের পানিতে তলিয়ে যাওয়া স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীরও এই পরিণতি ঘটে।
রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের নূর ইসলাম (২২) এবং তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)। মাত্র ছয় মাস আগে তাঁদের বিয়ে হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার স্ত্রীকে নিয়ে কার্তিকাহার গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন নূর ইসলাম। রোববার দুপুরে বাড়ির পাশের একটি খালে তিনি গোসল করতে নামেন। এ সময় খালের তীরে দাঁড়িয়ে ছিলেন স্ত্রী সুমাইয়া। একপর্যায়ে নূর ইসলাম খালের পানিতে তলিয়ে যেতে থাকলে তাঁকে বাঁচাতে কোনো কিছু না ভেবেই পাড় থেকে পানিতে ঝাঁপ দেন সুমাইয়া। কিন্তু সাঁতার না জানা ও পানির গভীরতা বেশি থাকায় দুজনই পানির নিচে তলিয়ে নিখোঁজ হন।
ঘটনাটি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় আধা ঘণ্টা পর দুজনকে অচেতন অবস্থায় পানি থেকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related articles

স্বামী-স্ত্রীকে একই কর্মস্থলে রাখার চেষ্টা করা হচ্ছে: সংসদে সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কর্মরত স্বামী-স্ত্রী উভয়ের কর্মস্থল কাছাকাছি, একই...

অটোরিকশার সংবাদ সম্মেলনে বুমের ভিড়, রোবটিক সার্জারিতে একটি মাইক্রোফোন!

জাহেদুল ইসলাম শ্রাবণ:বাংলাদেশে প্রথমবারের মতো রোবটিক সার্জারির মতো যুগান্তকারী...

ছবি ছাড়া এনআইডি পাওয়ার রিট খারিজ, পরিচয়পত্রে ছবি থাকার বাধ্যবাধকতা বহাল

নিজস্ব প্রতিবেদকছবি ছাড়া শুধু বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে...