
সেন্ট মার্টিনে কোস্ট গার্ডের অভিযান
৪২ কোটি টাকার ৪ লাখ ১০ হাজার ইয়াবা ও ২১ কেজি হেরোইন জব্দ
নিজস্ব প্রতিবেদক কামরুল ইসলাম
কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন সংলগ্ন সমুদ্রসীমায় অভিযান চালিয়ে প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চল এবং একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও মানব পাচারসহ চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সেন্ট মার্টিন দ্বীপকে মাদকমুক্ত রাখতে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সেন্ট মার্টিন সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা (আইএমবিএল) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিন।
অভিযান চলাকালে বাংলাদেশের সমুদ্রসীমার অভ্যন্তরে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি নজরে আসে। কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দিলে মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তিনটি বস্তা সাগরে ফেলে মিয়ানমারের সমুদ্রসীমার দিকে পালিয়ে যায়।
পরে কোস্ট গার্ডের আভিযানিক দল সাগর থেকে বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালায়। এ সময় বস্তাগুলো থেকে প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
তবে এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড আরও জানায়, প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান সম্পর্কে ব্রিফিং প্রদান করেন কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মারুফ আহমেদ সৌখিন (এক্স), বিএন।

