
হ্নীলা আনোয়ার প্রকাশ লেড়াইয়া ও মিজান ডাকাতের সঙ্গে বিজিবির গোলাগুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার
মোবারক হোসাইন, ঈদগাঁও
কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তে বিজিবির সঙ্গে অস্ত্রধারী মাদক পাচারকারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হ্নীলা সীমান্তের আনোয়ার প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল আনোয়ার প্রজেক্ট এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে কয়েকজন ব্যক্তি বস্তা নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাঁদের থামার নির্দেশ দেন।
বিজিবির ভাষ্য অনুযায়ী, এ সময় অস্ত্রধারীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অস্ত্রধারীরা তিনটি বস্তা ফেলে অন্ধকারের মধ্যে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তাগুলো থেকে ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রের দাবি, আনোয়ার প্রকাশ লেড়াইয়া ও মিজান ডাকাতের নেতৃত্বে থাকা একটি সশস্ত্র দলের সঙ্গে বিজিবির এই গোলাগুলি হয়েছে। তবে বিজিবির দেওয়া তথ্যের মধ্যে তাঁদের নাম উল্লেখ করা হয়নি। ফলে তাঁদের সম্পৃক্ততার বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কার্যক্রম চলছে।

