
অপরূপ টিভি, নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফের হ্নীলায় নিখোঁজের একদিন পর আবছার উদ্দিন (২৫) নামে এক পোল্ট্রি ফার্ম কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার লামারপাড়া এলাকার একটি খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আবছার হ্নীলা রঙ্গিখালী জুম্মাপাড়ার মোহাম্মদ হাসানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে হোয়াব্রাং এলাকার মৃত খলিল মেম্বারের ছেলে রফিকের পোল্ট্রি ফার্মে ভাত খাওয়ার পর আবছার আশপাশে থাকা লোকজনের কাছে পুলিশ ধাওয়া করছে বলে জানিয়ে সেখান থেকে পালিয়ে যান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরে আজ দুপুরে লামারপাড়া এলাকার খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
তবে কী কারণে আবছার সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মরদেহ উদ্ধারের খবর পেয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশ ঘটনাস্থলে যায় এবং আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

