
নিজস্ব প্রতিবেদক, চুয়েট:
১২/০৮/২০২৮
চট্টগ্রাম প্রতিনিধি
সাইদুল ইসলাম নসরুল
চট্টগ্রাম প্রকৌশل ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিক্ষার্থী হলেন— কম্পিউটার বিজ্ঞান ও কৌশল (সিএসই) বিভাগের চমক দত্ত এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের শান্ত দেব। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের ২৪ ব্যাচের (দ্বিতীয় বর্ষ) শিক্ষার্থী ছিলেন এবং তাদের বাড়ি মৌলভীবাজার ও সিলেট অঞ্চলে।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে বন্ধুরা মিলে ফুটবল খেলেন। খেলা শেষে দুপুরের দিকে তারা কয়েকজন মিলে কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে গোসল করতে নামেন। এ সময় সাঁতার কাটার একপর্যায়ে তারা পুকুরের মাঝের অংশে তলিয়ে যান। বিষয়টি অন্য শিক্ষার্থীদের নজরে আসলে তারা তাৎক্ষণিকভাবে উদ্ধারে নেমে পড়েন।
খবর পেয়ে উদ্ধারকারী দল ও শিক্ষার্থীরা যৌথভাবে তৎপরতা শুরু করেন। প্রায় ১০ থেকে ২০ মিনিটের মধ্যে একজনকে এবং প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট পর অপরজনকে উদ্ধার করা হয়। দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
শোকে স্তব্ধ ক্যাম্পাস:
মাত্র দুই সপ্তাহের ব্যবধানে একই বিশ্ববিদ্যালয়ে এমন মর্মান্তিক মৃত্যুর পুনরাবৃত্তিতে পুরো ক্যাম্পাসে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শিক্ষার্থীরা এই ঘটনায় শোক প্রকাশ করার পাশাপাশি নিরাপত্তা ও সচেতনতার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত ২৮ জুলাই একই পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা। সেই শোকের রেষ কাটতে না কাটতেই আবারও হলের পুকুরে দুই তরতাজা প্রাণের ঝরে যাওয়ার ঘটনায় চুয়েট পরিবারে চলছে শোকের মাতম।
সংলাপ নিউজ চট্টগ্রাম 

