
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬
ভারতের বেঙ্গালুরুর একটি ডুপ্লেক্স বাড়ি থেকে ৫২ বছর বয়সী এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, প্রায় এক বছর আগে তাঁর মৃত্যু হয়েছিল। দীর্ঘ এই সময় ধরে বাড়ির ভেতরেই মরদেহ পড়ে থাকলেও আশপাশের কেউ বিষয়টি ঘুণাক্ষরেও টের পাননি।
শনিবার (৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বেঙ্গালুরুর বাগালাগুন্টে এলাকার হাভানুর লে-আউটে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম দাক্ষায়িণী (দক্ষিণী)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দাক্ষায়িণী ওই বাড়িতে একাই থাকতেন। প্রায় ১০ বছর আগে তাঁর স্বামী উমেশ মারা যান। এর কিছুদিন পর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায় তাঁদের একমাত্র ছেলেও। স্বামী ও সন্তানকে হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং তীব্র বিষণ্নতায় ভুগছিলেন।
পুলিশের প্রাথমিক ধারণা, প্রায় এক বছর আগে বাড়ির ভেতরেই তাঁর মৃত্যু হয়। বাড়িতে তিনি একা থাকায় এবং দরজা-জানালা বন্ধ থাকায় মৃতদেহ পচে যাওয়ার দুর্গন্ধও বাইরে আসেনি। নিহতের একটি মেয়ে ও জামাই থাকলেও গত এক বছরে তাঁরাও একবার খোঁজ নিতে বা বাড়িটিতে আসেননি। ফলে দীর্ঘ সময় ধরে তাঁর মৃত্যুর বিষয়টি সম্পূর্ণ আড়ালেই থেকে যায়।
পরবর্তীতে প্রতিবেশীদের সন্দেহ হলে ও খবরের ভিত্তিতে বাগালাগুন্টে থানার পুলিশ বাড়িটিতে প্রবেশ করে কঙ্কালটি উদ্ধার করে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা নিশ্চিত করতে কঙ্কালটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুলিশ এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

