
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের দেশে ফেরা এবং জাতীয় দলে খেলার আর কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সরকার এতদিন বিষয়টি বেশ নমনীয় ও সহনশীল মনোভাব নিয়ে বিবেচনা করছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসান স্বৈরাচারদের মঞ্চে উঠে তাদের সঙ্গে দাঁড়িয়েছেন, যার ফলে এখন আর সেই নমনীয়ভাবে ভাবার কোনো সুযোগ নেই।
আমিনুল হক আরও বলেন, একজন খেলোয়াড় হিসেবে যে অবস্থানে সাকিব ছিলেন, সেখান থেকে সরে এসে তিনি যখন রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন, তখন তার আর স্বাভাবিক প্রক্রিয়ায় দেশে ফিরে ক্রিকেট খেলার সুযোগ নেই। তিনি স্পষ্ট করেন যে, সাকিব যদি কখনো দেশে ফেরেন, তবে তাকে সম্পূর্ণভাবে প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আসতে হবে।
উল্লেখ্য, এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে আইনি লড়াই ও বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছিলেন। একই সঙ্গে দেশের মাটিতে একটি বিদায়ী সিরিজ খেলা এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে মাঠে নামার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। তবে সরকারের নীতিনির্ধারক মহলের এই কঠোর অবস্থানের পর সাকিবের দেশের ক্রিকেটে ফেরা নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হলো।

